১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে যুবাদের বড় জয়

ত্রিদেশীয় সিরিজে ৯১ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে যুবাদের বড় জয়
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উইকেট উদযাপন। ছবি: বিসিবি ফেইসবুক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 10:35 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন জাওয়াদ আবরার। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া নিতে। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারানো দলকে টানলেন মোহাম্মদ আবদুল্লাহ। আড়াইশ ছাড়ানো সংগ্রহ নিয়ে দারুণ পারফরম্যান্স করলেন বোলাররা। জিম্বাবুয়েকে অল্পতে গুঁড়িয়ে বড় জয় পেল বাংলাদেশ।

হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯১ রানে জিতেছে বাংলাদেশ। ২৭৪ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের ১৮৩ রানে থামিয়ে দিয়েছে তারা।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যানই স্পর্শ করেন দুই অঙ্ক। চারজন ছাড়িয়ে যান ৩০ রান। ফিফটি করতে পারেন দুইজন। ১ ছক্কা ও ১২ চারে ৬৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন জাওয়াদ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করতে ১ ছক্কা ও ৪টি চার মারেন আবদুল্লাহ।

পরে বল হাতে আলো ছড়ান সামিউন বাশির। ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। দুটি করে শিকার ধরেন আল ফাহাদ ও আজিজুল হাকিম।

টস হেরে ব্যাটিংয়ে নেমে জাওয়াদ ও রিফাত বেগের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। ৬ চারে ৩১ রান করা রিফাতের বিদায়ে ভাঙে ৭০ রানের উদ্বোধনী জুটি। 

অধিনায়ক আজিজুলকে নিয়ে আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন জাওয়াদ। ৩৯ বলে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির পথে ছুটতে থাকা ওপেনারকে এলবিডব্লিউ করে ৭৭ রানের যুগলবন্দি ভাঙেন ব্র্যান্ডন সেনজেরে।

কয়েক ওভার পরই ছোটখাটো ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। দলীয় ১৭৫ রানে বিদায় নেন আজিজুল হাকিম, রিজান হোসেন ও ফরিদ হাসান। স্কোরবোর্ডে আরও ৫ রান যোগ হতেই ড্রেসিং রুমে ফেরেন সামিউন বাশিরও, যার কৃতিত্বে প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

৫ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়া দলকে পথে রাখেন আবদুল্লাহ ও দেবাশিস দেবা। তাদের ৪০ রানের জুটিতে দুইশ ছাড়ায় বাংলাদেশের রান। ২ চারে ২৪ রান করে ফেরেন দেবাশিস।

দলের রান ২৭৪ পর্যন্ত নিয়ে যান আবদুল্লাহ। ৬০ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। নবম উইকেটে তাকে সঙ্গ দেন স্বাধীন ইসলাম। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪৬ রান।

জিম্বাবুয়ের ইনিংসে পঞ্চম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন আল ফাহাদ। এরপর উইকেটের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় তাদের। মন্থর ব্যাটিংয়ে ইনিংস গড়তে থাকেন ন‍্যাথানিয়েল লাবাঙ্গানা ও কিয়ান ব্লিগনাট।

২৬তম ওভারের শেষ বলে লাবাঙ্গানাকে বোল্ড করে ৬৫ রানের জুটি ভাঙেন স্বাধীন। ৮ চারে ৭২ বলে ৫৩ রান করেন জিম্বাবুয়ে ওপেনার লাবাঙ্গানা। পরের ওভারে ফেরেন ২৩ রান করতে ৭১ বল খেলা ব্লিগনাট।

২ ছক্কা ও ১ চারে ২৩ বলে ২৬ রান করে থামেন সেনজেরে। ৩ চারে ১৬ বলে ২০ রান করেন ব্র্যান্ডন এনডিওয়েনি। ১৩ রানে শেষ ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৭৪/৮ (জাওয়াদ  ৮২, রিফাত ৩১, আজিজুল ৩৪, রিজান ১৬, আবদুল্লাহ ৫৬, ফরিদ ০, সামিউন ২, দেবাশিস ২৪, ফাহাদ ১, স্বাধীন ৭*; মাজাই ৭-০-৬৩-০, মাজভিটোরেরা ৮-০-৪৬-১, চিমুগোরো ১০-০-৬১-২, মুডজেঙ্গেরেরে ১০-১-৩৬-২, সেনজেরে ১০-০-৪৫-২, ব্লিগনাট ৫-০-১৭-০)

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল: ৪২.২ ওভারে ১৮৩ (লাবাঙ্গানা ৫৩, মুরাডজি ১৪, কিয়ান ব্লিগনাট ২৩, সেনজেরে ২৬, বান্ডা ৭, মুডজেঙ্গেরেরে ২০, মাইকেল ব্লিগনাট ১৫*, চিমুগোরো ১, মাজাই ০, মাজভিটোরেরা ০; ফাহাদ ৭-০-৩৯-২, ইকবাল ৩-০-২৩-০, সামিউন ৮.২-১-১৪-৩, রিজান ২-০-১১-০, আজিজুল ১০-১-৩৮-২, স্বাধীন ৮-১-৩৮-১, দেবাশিস ৪-০-২৪-১)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯১ রানে জয়ী