১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই চলেছেন সুরিয়াভানশি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডেতে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন ভারতের বিস্ময়-বালক।

সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই চলেছেন সুরিয়াভানশি
সেঞ্চুরি ছুঁয়ে বৈভাব সুরিয়াভানশির উদযাপন। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

মুখোমুখি প্রথম বলে চার মেরে রানের খাতা খুললেন বৈভাব সুরিয়াভানশি। এরপর কেবল ছুটলেন ভারতের এই বিস্ময়-বালক। ঝড়ো ব্যাটিংয়ে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার ১২৭ রান করেন সুরিয়াভানশি। তার ৭৪ বলের ইনিংসটি গড়া ১০ ছক্কা ও ৯ চারে।

যুব ওয়ানডেতে এটি ১৪ বছর বয়সী ব‍্যাটসম‍্যানের তৃতীয় সেঞ্চুরি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ ও সংযুক্ত আরব আমিরাতের বিপখে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে ফিফটি আছে চারটি।

চলতি এই সিরিজের প্রথম ম্যাচে ১১ রানে আউট হওয়া সুরিয়াভানশি পরের ম্যাচে জ্বলে ওঠে। ২১ বলের মধ্যে ১০ ছক্কা মেরে করেন ২৪ বলে ৬৮ রান। এবার তিন অঙ্কের দেখা পেয়ে গেলেন তিনি।

২২ গজে নামলেই বিস্ফোরক সব ইনিংস উপহার দেওয়া, সেঞ্চুরির করা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুরিয়াভানশির জন্য। অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেওয়ার আগে গত মাসেই ভিজায় হাজারে ট্রফিতে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার প্রথম শতক।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচ খেলে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন সুরিয়াভানশি। সর্বোচ্চ ইনিংসটি ১৪৪ রানের।

এই বয়সেই অনেক রেকর্ডে নাম উঠে গেছে তার। গত আইপিএলে সেঞ্চুরি করেন তরুণ ক্রিকেটার। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ও তিনি।

বেনোনিতে এদিন ব্যাটিংয়ে নেমে বাউন্ডারিতে রানের খাতা খোলার এক ওভার পর দুই ছক্কা হাঁকান সুরিয়াভানশি। পরে টানা চার বলে মারেন দুটি করে ছক্কা ও চার।

ইনিংসের অষ্টম ওভারে ২৪ বলে পঞ্চাশে পা রাখেন তিনি চার মেরে। এরপর কিছুটা কমে যায় তার রানের গতি। পল জেমসের দুই ওভারে চার ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির পথে অনেকটা এগিয়ে যান সুরিয়াভানশি। পরে ৬৩ বলে পান কাঙ্ক্ষিত তিন অঙ্কের স্বাদ।

সেঞ্চুরির পর নামের পাশে আরও কিছু রান দ্রুত যোগ করে ২৬তম ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন সুরিয়াভানশি। তার পাশাপাশি ভারতের আরেক ওপেনার অ্যারন জর্জও পান সেঞ্চুরির দেখা।

যুব ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে জর্জ করেন ১১৮ রান। ১৬ চারে গড়া তার ১০৬ বলের ইনিংসটি।