২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজের প্রস্তুতি নিতে ভারত সিরিজের পরিবর্তে শেফিল্ড শিল্ডে চোখ গ্রিনের

গত বছর পিঠে অস্ত্রোপচারের পর শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বোলিংয়ে ফিরতে পারেন শেফিল্ড শিল্ড দিয়ে।

অ্যাশেজের প্রস্তুতি নিতে ভারত সিরিজের পরিবর্তে শেফিল্ড শিল্ডে চোখ গ্রিনের
ক্যামেরন গ্রিন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

দেশের মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজে তিন নম্বরে ব্যাট করবেন কি-না, নিশ্চিত নন ক্যামেরন গ্রিন। তবে বোলিংয়ে ফিরতে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে খেলতে পারেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট, অস্ট্রেলিয়ার সবশেষ এই চার টেস্টেই তিন নম্বরে ব্যাটিং করেছেন গ্রিন। সবগুলো ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছেন ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। গত বছরের অক্টোবরে পিঠে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বোলিং করেননি। 

লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে এই সংস্করণে প্রথমবার তিন নম্বরে ব্যাটিং করেন গ্রিন। তবে দুই ইনিংস মিলিয়ে করতে পারেন কেবল ৪ রান। পরে ক্যারিবিয়ানে প্রথম টেস্টে দুই ইনিংসে করেন ৩ ও ১৫। এরপর একটু করে উন্নতি হতে থাকে তার।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৫২। ব্যাটিং দুরূহ উইকেটে কিংসটনে তৃতীয় টেস্টে তার ব্যাট থেকে আসে ৪৬ ও ৪২ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস, যা ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ স্কোর। ওই ম্যাচে দুই দল মিলিয়ে ২৪ রানের বেশি করতে পারেন কেবল চার জন ব্যাটসম্যান। 

অস্ট্রেলিয়ার টপ অর্ডার নড়বড়ে হয়ে আছে অনেক দিন ধরেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রিন বলেন, নভেম্বরে পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাটিংয়ের ব্যাপারে তিনি নিশ্চিত নন।

“কখনোই জানেন না (কী হবে)। আমি মনে করি, অবশ্যই অনেক খেলোয়াড় আছে, যারা এই ভূমিকা পালন করতে পারে। আমি সত্যিই গর্বিত যে, সেখানে একটি ভূমিকা পালন করতে পেরেছি। তবে, হ্যাঁ, অপেক্ষা করি এবং দেখা যাক, কী হয়।”

ক্যারিবিয়ানে টেস্টের পর পাঁচটি টি-টোয়েন্টি ও পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং চলমান ওয়ানডে সিরিজেও বোলিং করেননি গ্রিন। অ্যাশেজ সিরিজে বোলিংয়ের জন্য পাওয়া যেতে পারে তাকে। 

আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর অস্ট্রেলিয়া আবার আন্তর্জাতিক ম্যাচ খেলবে আগামী ১ অক্টোবর, নিউ জিল্যান্ড সফরে চার দিনের মধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। একই দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। অ্যাশেজ শুরু ২১ নভেম্বর।

অ্যাশেজের প্রস্তুতি নিতে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পরিবর্তে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলতে পারেন, জানালেন গ্রিন। দলটির প্রথম তিন রাউন্ডের ম্যাচ শুরু হবে যথাক্রমে ৪, ১৫ ও ২৮ অক্টোবর।

“অতীতে যখনই আমি শিল্ড ক্রিকেটে মনোযোগ দিয়েছি, তা সত্যিই কাজে দিয়েছে। তাই আমি মনে করি, এটা হয়তো ভালো উপায় হতে পারে, বিশেষ করে বোলিংয়ে ফেরার জন্য। হয়তো আরও কয়েকদিনে আরও কয়েক ওভার খেলাই সবচেয়ে ভালো উপায় হতে পারে।”

“আমি পুরোপুরি নিশ্চিত নই কোন ম্যাচে (বোলিংয়ে ফিরব), তবে সত্যিই ভালো বোধ করছি, ভালো অবস্থায় আছি। যথেষ্ট তীব্রতা নিয়ে বোলিংয়ে ফেরাটা রোমাঞ্চকর হবে।”