মতিঝিলে কাঁচাবাজারে বাংলা কিউআরের প্রচারে গভর্নর
স্থানীয় ব্যবসায়ীদের কাছে বাংলা কিউআর কোড ব্যবহার পদ্ধতি, লেনদেনের সুবিধা ও নিরাপদ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারের প্রচারে অংশ নিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
সোমবার আইএফআইসি ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সকাল ৯টায় কাঁচাবাজার পরিদর্শনের সময়ে ‘বাংলা কিউআর’ ব্যবহার করে পণ্য কেনেন গভর্নর। এসময় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলা কিউআর কোড ব্যবহার পদ্ধতি, লেনদেনের সুবিধা ও নিরাপদ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সরকারের ক্যাশলেস লেনদেনের উদ্যোগ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এরই অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বিনামূল্যে ব্যবহারের সুযোগ চালু হওয়ায় এর প্রসার আরও ত্বরান্বিত হচ্ছে।
“স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় ক্যাশলেস লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, খুব দ্রুতই বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে।”
