Published : 08 Nov 2025, 10:36 PM
সৌর বিদ্যুৎ প্রকল্পে যৌথভাবে ৬ কোটি ৭০ লাখ ডলার অর্থায়ন করেছে ব্র্যাক ব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড—আইডিসিওএল।
বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) পরিচালিত এ প্লান্ট প্রায় ৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
শনিবার ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটিতে মোট ৬ কোটি ৭০ লাখ ডলারের অর্থায়ন চূড়ান্ত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন ও বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত রুডিগা লৎস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও আইডিসিওএল চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইডিসিওএলর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান ও বিসিআরইসিএলর ব্যবস্থাপনা পরিচালক কি ইউয়ে উপস্থিত ছিলেন।
রেফাত উল্লাহ খান বলেন, “আইডিসিওএলর সঙ্গে যৌথভাবে আমরা এই প্রকল্পটিতে দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করেছি, যা জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ, কার্বন নিঃসরণ কমানো এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে।
“এই বিদ্যুৎকেন্দ্রের অর্থায়ন বড় মাপের টেকসই অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের সক্ষমতার একটি বাস্তব উদাহরণ। একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আইডিসিওএলর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, “আইডিসিওএলে আমরা উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্র্যাক ব্যাক বলছে, এই অর্থায়নের মধ্যে ২ কোটি ২০ লাখ ডলার দিয়েছে ব্র্যাক ব্যাংক। বাকি ৪ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে আইডিসিওএল।
পাবনায় অবস্থিত দেশের অন্যতম বড় এই সোলার প্ল্যান্ট ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এই অর্জন টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়ানোর অগ্রযাত্রাকে আরও গতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।