দুই বছরে ব্র্যাক ব্যাংকের ঋণ পেয়েছে ৮৫০০ কৃষক
ডিজিটাল প্লাটফর্ম ‘সুবিধা’র মাধ্যমে মাত্র ২০ মিনিটেই মিলছে ঋণসুবিধা।
দুই বছরে সাড়ে আট হাজারের বেশি কৃষককে ঋণ দেওয়ার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, এসব কৃষককে দেওয়া মোট ঋণের পরিমাণ ৫৯ কোটি ৩৯ লাখ টাকা। এ উদ্যোগের আওতায় প্রায় ৩৫ হাজার মানুষের জীবন ও জীবিকা সরাসরি উপকৃত হয়েছে।
ব্র্যাক ব্যাংক বলছে, এসএমই কেন্দ্রিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার শুরু থেকেই ব্র্যাক ব্যাংক প্রান্তিক ও ছোট কৃষকদের প্রাধান্য দিয়ে কাজ করে আসছে। ব্যাংকটির নিজস্ব ডিজিটাল কৃষিঋণ প্লাটফর্ম ‘সুবিধা’র মাধ্যমে কৃষকরা মাত্র ২০ মিনিটেই ঋণসুবিধা নিতে পারছেন। শাখায় না গিয়ে নামমাত্র কাগজপত্রের মাধ্যমে এ ঋণসুবিধা পাওয়ার ফলে তাদের জীবন-জীবিকায় এসেছে ইতিবাচক পরিবর্তন।
সুবিধাভোগীদের একজন সাতক্ষীরার স্বপ্না পারভিন। ৩৬ বছর বয়সী এ কৃষক ৫১ হাজার টাকার ঋণ দিয়ে কাঁকড়া চাষ শুরু করেছিলেন। ছয় মাসেই তিনি ঋণ পরিশোধের পাশাপাশি আরও দুই নারীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি।
স্বপ্না বলেন, “এখন আমাকে আমার এলাকায় লিডার হিসেবে দেখছে সবাই। আমি এখন বছরজুড়েই আয় করছি। ফলে আমাকে আর সিজনাল কাজে নির্ভরশীল থাকতে হচ্ছে না।”
