‘প্লে প্রোটেক্ট’ সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই: নগদ
টেকনিক্যাল টিম ইতোমধ্যে গুগলের সঙ্গে যোগাযোগ করে সমাধানের বিষয়ে দ্রুত কাজ করে যাচ্ছে, বলছে নগদ
সেবার মানোন্নয়নে নগদ অ্যাপের সিকিউরিটি সিস্টেম আপডেটের সময় কিছু ব্যবহারকারী গুগলের একটি ‘প্লে প্রটেক্ট’ সতর্কবার্তার পেয়েছেন, যা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, “গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসি আপডেটের কারণে গ্রাহকরা এই সতর্কবার্তাটি পেয়ে থাকতে পারেন। কোনো কোনো গ্রাহক এমন বার্তা দেখে বিভ্রান্তও হয়েছেন।
“বিষয়টি অবগত হয়ে নগদের টেকনিক্যাল টিম ইতোমধ্যে গুগলের সঙ্গে যোগাযোগ করে সমাধানের বিষয়ে উভয়পক্ষ দ্রুত কাজ করে যাচ্ছে। নগদ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ এবং সব প্রয়োজনীয় মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ আছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই পরিস্থিতির সুযোগ নিয়ে নগদকে ‘ব্যবসায়িকভাবে আঘাত করতে’ একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গ্রাহকদের বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে। নগদ অ্যাপ কোনো গ্রাহকের মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না।”
