Published : 02 Sep 2025, 09:59 AM
ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টরের (এএমডি) দায়িত্ব পেয়েছেন ড. এম কামাল উদ্দীন জসীম।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জসীম বিভিন্ন সময়ে ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার; ক্যামেলকো, অপারেশন্স ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসলামী ব্যাংক বলছে, ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ব্যাংকে যোগ দিয়েছিলেন জসীম। তিনি ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান; বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধানসহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জসীম ব্যাংকে যোগ দেওয়ার আগে বাংলাদেশ অবজারভার, দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।