২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

জলবায়ু সচেতনতা ও টেকসই উন্নয়নে ‘ইগনাইট ইয়ুথ ক্লাইমেট সামিট’

“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 01:15 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

তরুণ নেতৃত্বের বিকাশে এবং জলবায়ু সচেতনতা ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে অনুষ্ঠিত হল ‘ইগনাইট ইয়ুথ ক্লাইমেট সামিট ২০২৬, পাওয়ার্ড বাই সেভরি’।

আয়োজক প্রতিষ্ঠান ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

তরুণ্যের নেতৃত্ব বিকাশ, জলবায়ু বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে তাদের সক্ষম করে তুলতে শিক্ষার্থী, জলবায়ুকর্মী, গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য।”

সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও তিনি তুলে ধরেন।

সম্মেলনে প্যানেল আলোচনায় অংশ নেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মুসাররাত জামান, ইউএনডিপি কমিউনিকেশন হেড মো. আবদুল কাইয়ুম, পরিবেশ বিশেষজ্ঞ মো. আতিকুর রহমান মল্লিক এবং ফুটস্টেপস বাংলাদেশের প্রেসিডেন্ট শাহ রাফায়াত চৌধুরী।

ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন জানিয়েছে, তাদের আলোচনায় জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, দুর্যোগ ঝুঁকি হ্রাসে, অভিযোজন কার্যক্রমে বিনিয়োগের ঘাটতি, বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনায় জলাধার সংরক্ষণ, অভ্যন্তরীণ অভিবাসনসহ নানা বিষয় উঠে আসে। আলোচকরা কপ-৩০-এর লক্ষ্য অর্জন, পরিবেশবান্ধব পর্যটন, অভিযোজন তহবিল ও সবুজ অর্থনীতির প্রসারের ওপর গুরুত্ব দেন।

এছাড়াও একটি ইন্টারেক্টিভ জলবায়ু গেমভিত্তিক সেশনে আমির হামজা প্রকৃতিনির্ভর সমাধান ও তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ডের সাবেক কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, অতিথি বক্তা এ এইচ এম হাসিনুল কুদ্দুস ও ফজলে মুনিম সৈকতও অনুষ্ঠানে বক্তব্য দেন।

সম্মেলনের স্বাস্থ্য ও জলবায়ু সচেতনতা বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪ বি প্রসাদ দাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন শিক্ষা, যুব উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা নিয়ে কাজ করছে। এর আগে ২০২১ সালে ‘ক্লাইমেট ফেস্ট’আয়োজন করেছিল সংগঠনটি।