১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চা-দোকানির সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান’

এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

দেশের প্রান্তিক পর্যায়ের ৬২ চা-দোকানির মেধাবী সন্তান ও তাদের পরিবারকে সম্মাননা দিয়েছে মেঘনা গ্রুপের কনডেন্সড মিল্ক ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’।

‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৫’ শিরোনামে শনিবার ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আগামী দিনের ‘চ্যালেঞ্জ মোকাবিলায়’ তাদের এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়।

এ আয়োজনে উপস্থিত হয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক তার বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “দ্রারিদ্রতা বড় হওয়ার পথে কোনো বাধা নয়। যারা কষ্ট করে বড় হয়, তারাই প্রকৃত পক্ষে বড় হয়।”

এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার বলেন, “প্রতিটি সন্তানের সফলতার পেছনে রয়েছে বাবা ও মায়ের অনেক ত্যাগ ও সংগ্রাম। আমরা সেই সব বাবা-মায়ের সন্তানদের জন্য এ সংবর্ধনা আয়োজন করতে পেরে গর্বিত। নাম্বার ওয়ান ব্র্যান্ড সবসময় তাদের সঙ্গে ছিল; ভবিষ্যতেও থাকবে।”

চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান প্রোগ্রামে উপস্থিত সকল কৃতী সন্তানদের ‘নাম্বার ওয়ান মানুষ’ অর্থাৎ সত্যিকার মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন।