Published : 24 Feb 2026, 05:27 PM
আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ‘ফ্যান জার্সি’ উন্মোচন করেছে ওয়ালটন।
ওয়ালটন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি সইয়ের মাধ্যমে কোম্পানিটি দলটির সঙ্গে যুক্ত হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের জন্য আর্জেন্টিনা ফুটবল দলের ‘ফ্যান জার্সি’ উন্মোচন করল কোম্পানিটি।
সোমবার ঢাকার বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যান জার্সি’ উন্মোচন করা হয়েছে বলে কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও পরিচালক সাবিহা জারিন অরনা।
মার্সেলো কার্লোস সেসা বলেন, “আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশে ওয়ালটনকে তার আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে যখন বেছে নেয়, তখনই বিশ্বজুড়ে ওয়ালটনের গ্রহণযোগ্যতা বোঝা যায়। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন করা নয়, বরং এটি একটি জাতির অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া। স্পনসরশিপ কেবল জার্সিতে বা স্টেডিয়ামে লোগো প্রদর্শন নয়, বরং এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি। এটি মানুষকে অনুপ্রাণিত করে।
“যখন বাংলাদেশের তরুণ ছেলেমেয়েরা আর্জেন্টিনার খেলা দেখে, তারা দক্ষতা, দলগত কাজ এবং অধ্যবসায় দেখতে পায়। আর্জেন্টিনার এই ফ্যান জার্সিতে তারা সেই আদর্শের পাশাপাশি এখন একটি বাংলাদেশি ব্র্যান্ডকেও দেখতে পাবে। তারা বুঝতে পারবে যে বিশ্বব্যাপী উৎকর্ষতা খুব বেশি দূরে বা অগম্য নয়-এটি এখানেই, নিজের দেশেই শুরু হতে পারে। এই সহযোগিতা আরও সমৃদ্ধ হোক এবং আমাদের দেশগুলির মধ্যে সংযোগ আরও গভীর হোক।”
ওয়ালটনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “ওয়ালটন ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।”
অনুষ্ঠানে ওয়ালটন হাই- টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, “আর্জেন্টিনার ফুটবল চেতনা তার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লাখ লাখ ভক্ত আর্জেন্টিনাকে সমর্থন করে। বিশ্বকাপের সময় ঢাকা, চট্টগ্রাম এবং গ্রামাঞ্চলের রাস্তাঘাট আকাশী নীল এবং সাদা পতাকায় ভরে ওঠে।”