২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসে রেকর্ড ৪০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে: নগদ

নগদের মাধ্যমে ২০২৫ সালে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়, বলা হয় কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 09:23 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

বছরের প্রথম মাস— জানুয়ারিতে রেকর্ড ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করার কথা বলেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া কোম্পানি ‘নগদ’।

রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক মাসে এখন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ লেনদেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল মাসের লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্স বা প্রবাসী আয় থেকে।

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করেছে এবং গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে দিনদিন নগদের লেনদেন বাড়ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে নগদে এক মাসে সর্বোচ্চ লেনদেন হয় গত বছরের অক্টোবরে; ৩৪ হাজার ৭০৫ কোটি টাকা। একই বছরের মার্চ মাসেও লেনদেন ৩৪ হাজার কোটি ছাড়িয়েছিল। 

নগদ বলেছে, বিদায়ী ২০২৫ সালে কোম্পানির মাধ্যমে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়, যা ২০২৪ সালে ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার মতো।