Published : 17 Jan 2026, 08:05 PM
বিদ্যুৎচালিত গাড়ির (ইভি) জন্য দেশের বিভিন্ন স্থানে ‘চার্জিং স্টেশন’ স্থাপনে যৌথভাবে কাজ করবে শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ‘রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ ও জাপানের প্রতিষ্ঠান ‘গ্লাফিট’।
বৃহস্পতিবার ঢাকার বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তিতে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং গ্লাফিট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোমোয়াকি ফুরুওকা সই করেন।
আর এন পাল বলেন, “দেশে ক্রমেই তরুণ প্রজন্মের কাছে স্কুটারসহ পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ছে। আরএফএল গ্রুপও সম্প্রতি দেশে ‘রাইডো’ ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। তবে ইলেকট্রিক স্কুটারসহ বিভিন্ন ইলেকট্রিক যানবাহনের দ্রুত চার্জিং ব্যবস্থা এখন এ খাতের সবচেয়ে বড় অন্তরায়।
“এজন্য আমরা সারাদেশে বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন এবং ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপনে কাজ শুরু করব, যেখানে প্রযুক্তিগত সহায়তা দেবে জাপানি প্রতিষ্ঠান গ্লাফিট।”
যেসব এলাকায় বেশি ইলেকট্রিক গাড়ি ব্যবহার হচ্ছে, শুরুতে সেসব এলাকায় চার্জিং স্টেশন বসানো হবে, পরে চাহিদার সঙ্গে সঙ্গে সারাদেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।
তোমোয়াকি ফুরুওকা বলেন, “গ্লাফিট মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিকটবর্তী চার্জিং পয়েন্ট খুঁজে পাওয়া, ব্যাটারির অবস্থা পর্যবেক্ষণ এবং ব্যবহারের বিস্তারিত তথ্য ট্র্যাক করার সুবিধা পাবেন।”