২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘খেলনা রপ্তানি শুরু আরএফএলের’

বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত, নেপালসহ ১০টি দেশে আরএফএলের খেলনা রপ্তানি হচ্ছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু করার কথা জানিয়েছে শিল্পগ্রুপ আরএফএল।

সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা থেকে খেলনার প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠানো হয় বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত, নেপালসহ বিশ্বের ১০ দেশে আরএফএল গ্রুপের খেলনা রপ্তানি হচ্ছে। 

কোম্পানিটির বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আমরা সবসময় স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য তুলে ধরতে কাজ করছি। যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

“আরএফএলের খেলনা আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি হওয়ায় শিশুদের জন্য নিরাপদ এবং দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো একটি বড় ও প্রতিযোগিতামূলক বাজারে আমাদের খেলনা রপ্তানির নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করি।”

আরএফএল গ্রুপ ২০১৫ সালে খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে।

বর্তমানে প্লেটাইম ব্র্যান্ডের অধীনে এডুকেশনাল টয়, রিচার্জেবল কার, ট্রাইসাইকেল, রকার, স্লাইডার, বেবি স্পোর্টস ক্যাটাগরি সহ বিভিন্ন ধরনের খেলনা উৎপাদন ও বিপণনের কথা জানিয়েছে কোম্পানিটি।