কৃষি প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক সম্মাননা পেল প্রাণ-আরএফএল
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘এবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ শীর্ষক এ পুরস্কার দেওয়া হয়।
দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বিকাশ ও রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল বিজনেস লিডারশিপ ইন এগ্রো-প্রসেসিং’ সম্মাননা পেয়েছে প্রাণ-আরএফএল।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘এবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ উপলক্ষে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে কোম্পানিটি।
অনুষ্ঠানে অস্টেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার এফ. এম. বোরহান উদ্দিন প্রাণ-আরএফএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (রপ্তানি) মো. রাশেদুল হাসানের হাতে এ পুরস্কার তুলে দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ কৃষকদের ক্ষমতায়ন, পণ্যে মূল্য সংযোজন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে ১৪৮ দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখায় প্রাণ-আরএফএল গ্রুপকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
এ বিষয়ে এফ. এম. বোরহান উদ্দিন বলেন, “এ স্বীকৃতি সমগ্র প্রাণ-আরএফএল পরিবারের। গ্রুপের ১ লাখ ৬৮ হাজার কর্মীর সম্মিলতি প্রচেষ্টার ফসল। আমাদের লক্ষ্য হলো দেশ ও দেশের রপ্তানি সমৃদ্ধ করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের মানসম্পন্ন পণ্যের সম্ভাবনা তুলে ধরা।”
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ফেডারেল মেম্বার ফর ম্যারিবারনং জো ব্রিসকি, শ্যাডো অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স ড. রেনি হিথ, ভিক্টোরিয়ান লিবারেল পার্টির ব্রড ব্যাটিন উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, কূটনীতিক ও দেশটির নীতিনির্ধারকরা অংশ নেন। এসময় তারা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, উদ্ভাবন ও টেকসই অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
