Published : 08 Jun 2026, 01:29 PM
বাসের ৪৬ জন যাত্রীর জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো চালকের সহকারী দুলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সিয়েট বাংলাদেশ ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা।
শনিবার দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুলালের স্ত্রী মসলিমা খাতুন ও পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৯ মে রাতে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেইল করে। চলন্ত বাস থামাতে দুলাল ঝুঁকি নিয়ে চাকার নিচে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি থেমে গেলেও চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুলালের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। গাড়িতে কাজ করেই পরিবারের ভরণপোষণ চালাতেন এ বাসকর্মী।
দুলালের স্ত্রী মসলিমা খাতুন বলেন, “স্বামীর আয়েই সংসার চলত। আমার চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা লাগে।
“এখন সংসার কীভাবে চলবে, চিকিৎসার খরচ কীভাবে মেটাব, সেটাই ভাবছি।”
সিয়েট বাংলাদেশ ও ইয়ামাহা রাইডারস ক্লাব আর্থিক সহায়তা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।