ইবিএল ডিজিটাল এক্সিলিন্সে পুরস্কার জিতল নগদ
এবার ৪০টি সহযোগী মার্চেন্ট প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।
ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ‘এক্সিলেন্স ইন বিজনেস পেআউট’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মোবাইল ফোনের আর্থিক সেবা দেওয়া কোম্পানি নগদ।
সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, ইবিএল তাদের ব্যাংকের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাদেরকে এ সম্মাননা জানিয়েছে।
নগদসহ মোট ৪০টি সহযোগী মার্চেন্ট প্রতিষ্ঠানকে ইবিএলের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।
দ্বিতীয়বারের মতো ইবিএলের এই আয়োজনের শিরোনাম ছিল ‘স্কাইস্ফ্রি: ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’।
রোববার ঢাকার একটি কনভেনশন হলে এসব প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার।
নগদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ ও নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
