প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও জয়তুন বিজনেস সলিউশন্সের উঠান বৈঠক
প্রাইম ব্যাংক বলছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিনিয়োগ শিক্ষা, পুঁজিবাজারে আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা।
গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ‘আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগ সচেতনতা’ বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং জয়তুন বিজনেস সলিউশন্স একযোগে উঠান-বৈঠকের আয়োজন করেছে।
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার শতাধিক প্রান্তিক জনগোষ্ঠী সম্প্রতি এ বৈঠকে অংশ নেন বলে রোববার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেখানে বলা হয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিনিয়োগ শিক্ষা, পুঁজিবাজারে আর্থিক অন্তর্ভুক্তি এবং বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা।
উঠান-বৈঠকে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সৈয়দ এম ওমর তৈয়ব এবং জয়তুন বিজনেস সলিউশন্স এর চেয়ারম্যান আরফান আলীসহ পিবিআইএল ও জয়তুন’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, “এই উঠান-বৈঠকের মূল লক্ষ্য বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, বিনিয়োগ সচেতনতা তৈরি করা এবং পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা সম্পর্কে জানানো।
“পিবিআইএল সবার জন্য একটি সুষ্ঠু এবং সুরক্ষিত বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সহজ এবং লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি করছে, একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির লক্ষ্যে একগুচ্ছ বিনিয়োগ পরিকল্পনা গ্রহন করেছে।”
আরফান আলী বলেন, “জয়তুন বিজনেস সলিউশন্স সবসময় কাজ করে যাচ্ছে গ্রামীণ জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে, আর প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট সেই যাত্রায় যুক্ত করছে নতুন মাত্রা।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ব্যাংক ব্যবস্থাপনায় বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা সহজ ভাষায় উপস্থাপন করে, যাতে গ্রামীণ জনগোষ্ঠীও সমানভাবে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারে।
“প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ও জয়তুন বিজনেস সলিউশন্স সমন্বিতভাবে গ্রামাঞ্চলের জনগণের জন্য উন্নত বিনিয়োগের সুযোগ তৈরি করার জন্য বদ্ধপরিকর, যাতে শহর থেকে গ্রাম, সবার জন্য সঠিক বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা যায়।”
