প্রাণের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ‘১২ হাজার নারীর কর্মসংস্থান’
প্রায় ১১০০ বিঘা জমিতে প্রতিষ্ঠিত শিল্পপার্কটিতে বর্তমানে ৫০ ধরনের বেশি পণ্য তৈরি হচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন ১২ হাজার নারীর কর্মসংস্থান হয়েছে বলে দাবি করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
শনিবার হবিগঞ্জের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
তিনি বলেন, “হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক শুধু দেশের অন্যতম বৃহৎ শিল্পপার্ক নয়, এটি নারীর ক্ষমতায়নে একটি শক্তিশালী মাধ্যম। এই শিল্পপার্কে সরাসরি ১২ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নারী কর্মীরা বিভিন্ন উৎপাদন প্লান্টে দক্ষতার সঙ্গে কাজ করায় সাম্প্রতিক সময়ে নারীদের নিয়োগ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।”
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, “আমাদের শিল্পপার্কটি শুধু নারীদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে না; বরং নিয়মিত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রমোশনের সমান সুযোগ দিচ্ছে। নারীবান্ধব নীতিমালার মাধ্যমে নারী কর্মীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করছে।
“এই শিল্পপার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট, মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন।”
প্রায় ১১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত শিল্পপার্কটিতে বর্তমানে ৫০ ধরনের বেশি পণ্য তৈরি হচ্ছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, প্লাস্টিক হাউজহোল্ড পণ্য, পার্সোনাল কেয়ার, হালকা প্রকৌশল, টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্য।
মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
