২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল ১৩ বীমা প্রতিষ্ঠান

নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে পুরস্কারের জন্য প্রথম হয়েছে ‘প্রগতি ইন্স্যুরেন্স’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 09:34 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

দেশের বীমা খাতে ‘নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনে’ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে ১৩ বীমা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এ পুরস্কার তুলে দেওয়া হয় বলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে পুরস্কারের জন্য প্রথম হয়েছে ‘প্রগতি ইন্স্যুরেন্স’, দ্বিতীয় স্থানে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স, চতুর্থ স্থানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

অপরদিকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে পুরস্কারের জন্য প্রথম হয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ), দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, চতুর্থ স্থানে জীবন বীমা করপোরেশন এবং যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, “বাংলাদেশের বীমা খাত দ্রুত পরিবর্তনের পথে হাঁটছে। ডিজিটালাইজেশন, প্রযুক্তিনির্ভর সেবা, অনলাইন পলিসি ইস্যু এবং দ্রুত দাবি নিষ্পত্তি—এসব উদ্যোগ আমাদেরকে ধীরে ধীরে বৈশ্বিক মানের কাছাকাছি নিয়ে যাচ্ছে। গ্রাহকরা মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই বীমা সেবা গ্রহণ করতে পারছে, যা সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় করছে।”

অনুষ্ঠানে আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক স্বাগত বক্তব্য দেন। ‘আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে।

আইডিআরএর চেয়ারম্যান এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ, প্রগতি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলা উদ্দিন আহমদ।