Published : 26 Jul 2026, 07:45 PM
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে ‘মোস্ট সাসটেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
একইসঙ্গে ‘মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডও জিতেছে তারা।
গত ১৯ জুলাই ঢাকার রেডিসন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিতের পাশাপাশি নেটওয়ার্ক পরিচালনায় জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোয় গ্রামীণফোনকে এই জোড়া স্বীকৃতি দেওয়া হয়েছে।
“জলবায়ু সচেতন পদক্ষেপ, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ, দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনা এবং কমিউনিটির ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের টেকসই অগ্রগতির পথচলায় নিরন্তর অবদান রাখছে গ্রামীণফোন।”
২০১৯ সালকে ভিত্তি বছর ধরে ২০৩০ সালের মধ্যে গ্রামীণফোন কার্বন নির্গমন ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি নেটওয়ার্ক অপারেশনে পরিবেশবান্ধব এবং আরও জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে বলেও দাবি করেছে কোম্পানিটি।
এই স্বীকৃতির বিষয়ে গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, “কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করাসহ সব ক্ষেত্রে টেকসই অগ্রযাত্রার ব্যাপারে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে আরো সংহত করল মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড।
“মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েও আমরা আনন্দিত, যা আরো জ্বালানি সাশ্রয়ী ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন। প্রচেষ্টার স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। মানুষ, সমাজ ও পৃথিবীর জন্য আরো নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশের টেকসই অগ্রগতির পথচলায় অবদান রাখতে পার্টনারদের সঙ্গে কাজ করে যাব আমরা।”