Published : 16 Apr 2026, 09:51 PM
মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের আওতায় তিনটি ‘ওয়াটার অ্যাক্সেস হাব’ স্থাপন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ফাউন্ডেশন।
‘বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি জেলার কাগাবলা, প্রেমনগর ও সাতবাগ এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য হাবগুলো উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার এমটিবি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিরাজমান নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট নিরসনের মাধ্যমে এলাকার বৃহৎ একটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই এ প্রকল্পের মূল লক্ষ্য।
এর মধ্য দিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ ও ৬ অর্জনে কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এমটিবি ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জল তরঙ্গ’ এমটিবি ফাউন্ডেশনের একটি ‘ওয়াশ’ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) উদ্যোগ। বিশ্ব পানি দিবসের চেতনা ধারণ করে সচেতনতাকে তৃণমূল পর্যায়ে বাস্তব ও কার্যকর উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনায় ভূমিকা রাখছে প্রকল্পটি।
এমটিবি ফাউন্ডেশন বলছে, দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে এ ধরনের প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ পানির নির্ভরযোগ্য প্রাপ্যতা এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে তারা ‘বদ্ধপরিকর’।
পাশাপাশি পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছে।
এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী, সহযোগী নাজমুস সাকিব এবং শেফার্ডস বাংলাদেশের পরিচালক ওয়াহিদুল ইসলাম সিকদারসহ সংশ্লিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।