Published : 10 Sep 2026, 06:17 PM
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ আয়োজন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করে নিজের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পরামর্শ দেন।
উপাচার্য অধ্যাপক শামস রহমান বলেন, “আমরা একইসঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান এবং যুগের চাহিদা অনুযায়ী দক্ষ হিসেবে তৈরি করি। তাই এখানকার গ্রাজুয়েটরা সুনামের সঙ্গে দেশে-বিদেশে কাজ করতে পারে।”
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক অনুপ চৌধুরীও বক্তব্য দেন।