সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ
এর আগে ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
সিটি ব্যাংক পিএলসির নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন ব্যাংকটির পরিচালক ও সাবেক চেয়ারম্যান রুবেল আজিজ।
ব্যাংকের সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে এ দায়িত্বের জন্য নির্বাচিত করার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ব্যাংকটি।
পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ এর আগে ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান।
তিনি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডেরও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পোদ্যোক্তা রুবেল আজিজ দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে দেশের সামাজিক- অর্থনৈতিক উন্নয়নে ‘গুরুত্বপূর্ণ অবদান’ রেখে চলেছেন।
যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রিধারী রুবেল আজিজ একাধিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও ‘সফলভাবে’ পরিচালনা করেছেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
তিনি ২০১৯ সাল থেকে বনানী ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জনতা ইন্স্যুরেন্স কোং লি. এর সাবেক চেয়ারম্যান।
রুবেল আজিজ ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ (ইউডব্লিউসি) এর ন্যাশনাল কমিটির সদস্য হিসেবেও রয়েছেন। তিনি গুলশান ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবেও দুই মেয়াদ দায়িত্ব পালন করেন।
