বেগম রোকেয়া বালিকা বিদ্যালয়ে আইএফআইসির শিক্ষা উপকরণ বিতরণ
“নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।”
‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি’ উদ্যোগের আওতায় রংপুরে বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও বই বিতরণ করেছে বেসরকারি আইএফআইসি ব্যাংক।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, “দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণের কার্যক্রম পরিচালনা করছে আইএফআইসি। নারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।”
সেই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ট্রেড সার্ভিস সেন্টার-১ এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রধান কার্যালয়ের একাধিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক লিলুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
২০২৪ সাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও বই বিতরণ করা হয়।
