Published : 29 Apr 2026, 12:58 AM
শিক্ষার্থীদের জন্য মানসম্মত ডিজিটাল শিক্ষা ‘আরও সহজলভ্য ও সাশ্রয়ী’ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে গ্রামীণফোন এবং আধুনিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো।
এর অংশ হিসেবে গ্রামীণফোন তাদের ডিজিটাল সেবার আওতায় শিখোর প্রিমিয়াম গণিত কোর্সটি মাইজিপি অ্যাপে অন্তর্ভুক্ত করবে। মাইজিপি অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা মূল্যছাড়ে এই সুবিধা নিতে পারবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম এবং শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন।
ঢাকায় জিপিহাউসে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান; হেড অব ডিজিটাল বিজনেস জাহিদুজ জামান; হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস ও স্কিট্টো নাফিস আনোয়ার চৌধুরী; হেড অব কনটেন্ট বিজনেস শোমাইল আতাহার; এবং হেড অব প্ল্যাটফর্ম বিজনেস কাজী রাশেদ আব্দাল্লাহ।
শিখোর পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার ইশমাম চৌধুরীও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগটি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে বলে আশা করছে গ্রামীণ ফোন ও শিখো।