ভারতে দুই ক্যাটাগরিতে পুরস্কার পেল পূবালী ব্যাংক
দিল্লির লে মেরিডিয়ান হোটেলে গত ২৪ জুলাই এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
ভারতে অনুষ্ঠিত ‘৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘বেস্ট ব্যাংক বাংলাদেশ ও বেস্ট পারফরমেন্স অন গ্রোথ বাংলাদেশ’ শ্রেণিতে পুরস্কার পায়েছে পূবালী ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ব্যাংকটি বলেছে, ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) এর আয়োজন করে। নয়াদিল্লির লে মেরিডিয়ান হোটেলে গত ২৪ জুলাই এই পুরস্কার গ্রহণ করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
এ বিষয়ে পূবালী ব্যাংক চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে পূবালী ব্যাংক পিএলসির অবস্থানকে আরো সুসংহত করেছে। ব্যাংকিং উৎকর্ষ, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন, উদ্ভাবন এবং সর্বোচ্চ মানের গ্রাহকসেবার প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন এ অর্জন। পূবালী ব্যাংক নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সর্বস্তরের জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।’’
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “এই স্বীকৃতি আমাদের সম্মানিত গ্রাহকদের অবিচল আস্থা, শেয়ারহোল্ডারদের বিশ্বাস, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস অঙ্গীকারের প্রতিফলন। এ অর্জন ভবিষ্যতেও পূবালী ব্যাংককে আরো দায়িত্বশীল, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদান করতে অনুপ্রাণিত করবে।”
এ দিকে পূবালী ব্যাংকের পক্ষ থেকে কেক কেটে এই পুরস্কারপ্রাপ্তি উদযাপন করা হয়েছে। সেখানে ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার ও বর্তমান চেয়ারম্যান মনজুরুর রহমান, পরিচালক হাবিবুর রহমান, আজিজুর রহমান, আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, কবির আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক হাসিনা শেখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের কোম্পানি সচিব আনিসুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা লিটন মিয়া, চিফ প্রটোকল অফিসার শাহ আলমও এ সময় উপস্থিত ছিলেন।
