Published : 01 Jun 2026, 10:27 PM
সদ্য শেষ হওয়া মে মাসে নিজেদের মোবাইল ব্যাংকিং সেবার (এমএফএস) সেবার মাধ্যমে রেকর্ড লেনদেন হওয়ার কথা বলেছে নগদ।
আর্থিক সেবা দেওয়া কোম্পানিটির ভাষ্য, গেল মাসে নগদের মাধ্যমে ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, মে মাসে একদিনে লেনদেনের রেকর্ড হয়েছে একাধিকবার। রেকর্ড হয়েছে ‘সক্রিয়’ ব্যবহারকারীর সংখ্যার হিসাবেও।
নগদ বলছে, এর আগে এক মাসে নগদের সর্বোচ্চ লেনদেন হয় গত মার্চ মাসে; ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা। এছাড়া জানুয়ারি মাসে গ্রাহকরা ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেন।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “নগদের এমন কিছু সেবা আছে, যা গ্রাহকদের সহজে আকৃষ্ট করে।
“নগদে যেহেতু খরচ কম, আমাদের দেশের সাধারণ মানুষের কাছে নগদ অনেক জনপ্রিয়। কারণ এক হাজার টাকা ক্যাশআউট করলে এখানে সাড়ে ছয় টাকা খরচ কম হয়। আমাদের দেশে বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনো সবচেয়ে কম টাকায় ক্যাশআউট করার সুযোগ দিচ্ছে।”