Published : 08 Feb 2026, 06:09 PM
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৩৪৬ কোটি টাকার মূলধন বাড়ানোর প্রস্তাবে সায় দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করতে গত ২১ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত এই মূলধন বৃদ্ধি ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে বলেও জানিয়েছে এমটিবি।
অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ‘ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান’ আরও ‘শক্তিশালী’ করতেই পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।
তিনি বলেন, “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইট শেয়ার, রিপিট পাবলিক অফারিং (আরপিও), কৌশলগত বিনিয়োগ অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এই মূলধন সংগ্রহ করা হতে পারে।”