১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যসেবায় আইইউবিএটি ও ইউনিকো হাসপাতালের ৩ চুক্তি

“চুক্তির ফলে শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে বাস্তব স্বাস্থ্যসেবার সংযোগ ঘটবে,” বলেন আইইউবিএটি উপাচার্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 08:00 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

নার্সিং শিক্ষার্থীদের প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের ছয় মাসের ইন্টার্নশিপ ও স্বাস্থ্যসেবায় ঢাকার ইউনিকো হাসপাতালের সঙ্গে তিনটি চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

সোমবার এসব চুক্তি সই হয়েছে বলে আইইউবিএটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আইইউবিএটির পক্ষে উপাচার্য আবদুর রব ও ইউনিকো হাসপাতালের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন চুক্তিতে সই করেন।

প্রথম চুক্তির আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদের ‘ব্যাচেলর ইন নার্সিং’ প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা মেডিসিন, সার্জারিসহ বিভিন্ন বিভাগে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

দ্বিতীয় চুক্তি অনুযায়ী যোগ্য নার্সিং গ্র্যাজুয়েটরা হাসপাতালটিতে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্নশিপ শেষে তারা সনদ পাবেন।

তৃতীয় চুক্তির আওতায় আইইউবিএটির শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালটিতে চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন সেবায় ছাড় পাবেন।

উপাচার্য আবদুর রব বলেন, “দক্ষ ও আত্মবিশ্বাসী নার্সিং পেশাজীবী তৈরিতে ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ফলে শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে বাস্তব স্বাস্থ্যসেবার সংযোগ ঘটবে।”

ইউনিকো হাসপাতালের সিইও আদ্রা কুরিয়েন বলেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।