২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার শুরু নিজের থেকেই: অনন্যা সরকার

“রোগটি যত দ্রুত শনাক্ত হয়, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি,” বলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের এ চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

স্তন ক্যান্সার সচেতনতার শুরুটা নিজের থেকেই হয় বলে মনে করেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগেরর কনসালটেন্ট অনন্যা সরকার।

তিনি বলেন,  "আমাদের শরীর অসংখ্য কোষ দিয়ে তৈরি, আর স্বাভাবিক অবস্থায় এসব কোষ নিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। স্তন ক্যান্সারের ক্ষেত্রে কোষগুলো অনিয়ন্ত্রণভাবে বাড়তে থাকে এবং কোষগুলো চাকার মতন তৈরি হয়। এই চাকা সাধারণত রোগী নিজেই অনুভব করতে পারেন অথবা চিকিৎসক পরীক্ষার সময় শনাক্ত করে থাকেন। কখনো বগলের নিচেও ছোট চাকা হতে পারে। কারও কারও হালকা ব্যথাও থাকতে পারে।"

তিনি বলেন, "সচেতন থাকার কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। বয়স ২০ বছর বা তার বেশি হলে নিয়মিত পরীক্ষা করা উচিত, কারণ বয়স বাড়ার সঙ্গে ঝুঁকিও বাড়ে। পরিবারে কেউ আক্রান্ত থাকলে ঝুঁকি হয় আরও বেশি। হরমোন থেরাপি, আগে রেডিয়েশন দেওয়া, স্থূলতা বা অতিরিক্ত মদ্যপান—এসব কারণও ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত নিজের স্তন নিজে পরীক্ষা করা জরুরি। 

“মাসিক শেষ হওয়ার এক সপ্তাহ পর পরীক্ষা করতে বলা হয়, কারণ তখন স্তন সাধারণত কম ফোলা এবং ব্যথামুক্ত থাকে। যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা মাসের একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে প্রতি মাসে একবার পরীক্ষা করতে পারেন।

"নিজে পরীক্ষা করার সময় লক্ষ্য করতে হবে, দুই পাশে কোনো চাকা আছে কিনা, চামড়ায় পরিবর্তন হয়েছে কিনা, যেমন লালভাব, কুচকে যাওয়া বা কমলার খোসার মতো দেখানো। নিপল ভিতরের দিকে ঢুকে যাওয়া বা পানি বা রক্ত পড়াও সতর্কতার লক্ষণ। দুই স্তনের আকারে এমন কোনো পরিবর্তন দেখা গেলে, যা আগে ছিল না, তাও নজরে রাখা উচিত।"

তিনি জানান, নির্ণয়ের জন্য সাধারণত ম্যামোগ্রাম, ব্রেস্ট ও অ্যাক্সিলার আলট্রাসনোগ্রাম, এআরআই, এফএনএসি, কোর নিডল বায়োপসি, ইআর-পিআর--এইচইআরটু পরীক্ষা, সিটি স্ক্যান, বোন স্ক্যান করা হয়। 

“এসব পরীক্ষার মাধ্যমে স্টেজ নির্ধারণ করা যায়। স্টেজ অনুযায়ী অনকোলজিস্ট, অনকোপ্লাস্টিক সার্জন, প্যাথলজিস্ট এবং রেডিওলজিস্ট নিয়ে গঠিত একটি টিম চিকিৎসার ধাপগুলো ঠিক করে দেন।  আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রে এই টিমভিত্তিক চিকিৎসা না হওয়াই বড় সমস্যা।”

তিনি বলেন, চিকিৎসার তিনটি প্রধান ধাপ হলো- সার্জারি, কেমোথেরাপি বা টার্গেটেড/হরমোন থেরাপি এবং রেডিওথেরাপি। কোন ধাপটি আগে হবে তা নির্ভর করে রোগীর স্টেজ ও শারীরিক অবস্থার ওপর।

“একটি প্রচলিত ভুল ধারণা হলো, ছেলেদের স্তন ক্যান্সার হয় না। বাস্তবে শতকরা এক ভাগ ক্ষেত্রে পুরুষরাও এ রোগে আক্রান্ত হতে পারেন এবং এতে জিনগত ত্রুটি থাকার সম্ভাবনা বেশি।” 

এ চিকিৎসক মনে করেন, “রোগটি যত দ্রুত শনাক্ত হয়, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। পাশাপাশি কম জটিল চিকিৎসা, কম মানসিক চাপ এবং কম খরচে চিকিৎসা সম্ভব হয়।

“তাই এখন থেকেই সচেতন হন এবং নিয়মিত নিজের প্রতি খেয়াল রাখুন। সতর্কতা ও সময়মতো চিকিৎসাই আপনাকে স্তন ক্যান্সারের বিরুদ্ধে এগিয়ে রাখবে।”