নিরাপদ দুধ উৎপাদন বিষয়ে ‘পুষ্টি কথা’ কর্মসূচি গ্রিন ডেইরির
দেশের দুগ্ধখাতকে নিরাপদ, টেকসই এবং বাণিজ্যিকভাবে শক্তিশালী করে তুলতে কাজ করছে এ প্রকল্প।
নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণের বিষয়ে ‘পুষ্টি কথা’ নামে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে গ্রিন ডেইরি প্রকল্প।
বৃহস্পতিবার যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, স্থানীয় খামারি, কৃষক, স্থানীয় নেতা ও সরকারি কর্মকর্তা অংশ নেন।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া পরিচালিত গ্রিন ডেইরি প্রকল্পে অংশীদার হিসেবে রয়েছে প্রাণ ডেইরি, আরলা ফুডস, আইডিআরএন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এসইজিইএস ইনোভেশন ও ড্যানিশ এগ্রিকালচার অ্যান্ড ফুড কাউন্সিল।
গ্রিন ডেইরি বলছে, বাংলাদেশের দুগ্ধখাতকে নিরাপদ, টেকসই এবং বাণিজ্যিকভাবে শক্তিশালী করে তুলতে কাজ করছে এ প্রকল্প। কর্মসূচিটি ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড্যানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরলা ফুডসের বৈশ্বিক উদ্যোগ ‘ফুড মুভার্স’ থেকে অনুপ্রাণিত ‘পুষ্টি কথা’ কর্মসূচিটি সাজানানো হয়েছে প্রাণ ডেইরির নিরাপদ দুধের গুরুত্ব তুলে ধরা সাম্প্রতিক উদ্যোগের সঙ্গে সমন্বয় করে। নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণে সলিডারিডাড ২০১৩ সাল থেকে বাজারভিত্তিক পদ্ধতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুরের ইউএনও রেকসোনা খাতুন, খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক গোলাম হায়দার, আরলা ফুড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান,
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেইন অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট প্রধান মুজিবল হক।
