Published : 15 Feb 2026, 06:03 PM
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ‘এসেনসিয়াল প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন প্রোগ্রাম’ নামে এক অনুষ্ঠান।
রোববার ‘প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ নটর ডেম এলামনাই অব নর্থ আমেরিকা’র উদ্যোগে এ আয়োজন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্যালিয়েটিভ কেয়ার’ হল এমন একটি চিকিৎসা ও সেবা পদ্ধতি, যেখানে নিরময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত রোগী এবং তাদের পরিবারের শারীরিক, মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থের সম্পূর্ণ যত্ন এবং বিজ্ঞানসম্মত চিকিৎসার কথা বলে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক গ্যাফনি ‘প্যালিয়েটিভ কেয়ার’ বিষয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে অধিক সচেতনতার আহ্বান জানান।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক নিজামউদ্দিন আহমদ বলেন, “প্যালিয়েটিভ কেয়ার কেবল একটি চিকিৎসা-পদ্ধতি নয়, এটি মানবিক দায়িত্ববোধের প্রকাশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ারের পরিসর এখনও সীমিত। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে শিক্ষার্থীরাই পরিবার ও সমাজে এ ধরনের সেবা-সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে পারে।
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক সানজিদা শাহরিয়া, আমেরিকার জনস্ হপকিন্স স্কুল অব মেডিসিনের গবেষক মোহাম্মাদ নাকিবউদ্দীনও বক্তব্য দেন।