Published : 25 May 2026, 12:48 PM
নারীর ঋতুস্রাব বা পিরিয়ড সচেতনতা বাড়াতে এবং সুবিধাবঞ্চিত নারীদের স্যানিটারি ন্যাপকিন দিতে ‘প্যাড আছে, লাগবে?’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ অনন্যা।
আগামী ২৮ মে ‘বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস’ সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমজিআই।
এই উদ্যোগের মাধ্যমে ঋতুস্রাব নিয়ে স্বাভাবিক আলোচনা তৈরির পাশাপাশি সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের কাছে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাসনিম মোস্তফা বলেন, “বাংলাদেশে এখনো অনেক নারী পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলতে পারে না। অনেকেই প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনের অভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকে। আমরা চাই, পিরিয়ডকে ঘিরে যে অস্বস্তি ও সংকোচ আছে, সেটি দূর হোক।”
কোনো নারী যেন তার স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার জন্য কখনো লজ্জাবোধ না করে, সেই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষের মাঝে সহমর্মিতা ও সচেতনতা দুটোই ছড়িয়ে দিতে চাই।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ধারিত ভেন্ডিং মেশিন থেকে প্রতিটি স্যানিটারি ন্যাপকিন কেনা এবং ফ্রেশ অনন্যার ফেইসবুক পেইজ থেকে ক্যাম্পেইনের কনটেন্ট শেয়ার করার বিপরীতে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করবে প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।
এছাড়া আগামি ১ জুন ক্যাম্পেইনের আওতায় রাজধানীর উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, মোহাম্মদপুর, খিলক্ষেত, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বারিধারা, মহাখালী, তেজগাঁও, আগারগাঁও ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় একটি সচেতনতামূলক ক্যারাভ্যান ঘুরবে।
এ সময় পিরিয়ড ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার পাশাপাশি নানা ধরনের কার্যক্রম চালানো হবে।