Published : 17 Jul 2026, 09:36 PM
চট্রগ্রাম বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও খাবার বিতরণ করেছে ‘এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’।
শুক্রবার সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁশখালীর সরল শেল্টার কেন্দ্রে ও সরল আনোয়ারুল মাদ্রাসায় ১১ জন চিকিৎসক বাত ব্যথা, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়াবেটিস, পেটের পীড়া, চর্ম রোগ ও অন্যান্য জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভোগা ব্যক্তিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
তাৎক্ষণিকভাবে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ দেওয়ার পাশাপাশি নারীদের জন্য স্যানেটারি উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে।
চিকিৎসা সেবা ও খাবার বিতরণ অনুষ্ঠানে চট্রগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার এবং ফাউন্ডেশনটির নির্বাহী সভাপতি শাকিল আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, চট্টগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজের চিকিৎসক রুবেল সাদাত চৌধুরী, গিয়াস উদ্দিন নয়ন, হাবিবুল করিম তানিম, আব্বাস, তাওসিফ মাহমুদ ও আল মোহাম্মদ মারুফও উপস্থিত ছিলেন।