Published : 29 Apr 2025, 12:47 PM
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন বিষয়ে জাতীয় কর্মশালা করেছে ওয়াটারএইড বাংলাদেশ ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্র।
সোমবার ঢাকার লেকশোর হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, চট্টগ্রাম সিটির ১৭টি ওয়ার্ডের ১০৬টি স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রকল্পটি পরিচালনা করেছে ওয়াটারএইড বাংলাদেশ ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। এ প্রকল্পে সহায়তা করেছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) এবং যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে (সিডব্লিউএসআইপি) প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করা হবে।
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, “জলবায়ু পরিবর্তন একটি চিরায়ত বাস্তবতা; এটি কোনো দূরবর্তী হুমকি নয়, তবে এর জটিলতা, দুর্বোধ্য শব্দসমূহে আবৃত থাকায় প্রায়ই এটি সেইসব উদ্দিষ্ট মানুষদের বিচ্ছিন্ন করে ফেলে- যাদের উপর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে।”
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো নিবেদিত গবেষণা ও উন্নয়ন বিভাগ নেই এবং আমরা প্রতিদিন এর অভাব অনুভব করি। এই ধরনের বিস্তারিত জনগোষ্ঠী-নেতৃত্বাধীন মূল্যায়ন আমাদের স্বল্প-আয়ের জনগোষ্ঠীর ভবিষ্যৎ পরিষেবা প্রদানে দিকনির্দেশনা দিতে সাহায্য করবে।”