২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী অঞ্চলে ‘এজেন্ট মিট’ আয়োজন করল ব্র্যাক ব্যাংক

নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার এজেন্ট ব্যাংকিং পার্টনাররা ঠাকুরগাঁওয়ে এই আয়োজনে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

মাঠ পর্যায়ের সম্পৃক্ততা বাড়াতে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে নীলফামারী অঞ্চলের জন্য ‘এজেন্ট মিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার এজেন্ট ব্যাংকিং পার্টনাররা গত সপ্তাহে ঠাকুরগাঁওয়ে এই আয়োজনে অংশ নেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

সেখানে বলা হয়, “আর্থিক অন্তর্ভুক্তি বিকাশে ব্যাংকের এই ধারাবাহিক উদ্যোগ এজেন্ট ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের (এফআইডি) পরিচালক মো. ইকবাল মহসীন এবং যুগ্ম-পরিচালক পিনাকী রঞ্জন সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, আঞ্চলিক প্রধান, ব্রাঞ্চ ম্যানেজার, এসএমই ব্যাংকিং প্রতিনিধিসহ ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং টিমের সদস্যরা।

দিনব্যাপী এ কর্মসূচিতে মতবিনিময়, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের হালনাগাদ তথ্য, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা এজেন্টদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন, যাতে তারা দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত করতে উদ্বুদ্ধ হন।

অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অবদান রাখা ‘সেরা পারফর্মিং এজেন্টদের’ ডায়মন্ড, প্লাটিনাম ও গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়।

নাজমুর রহিম বলেন, “শহরকেন্দ্রিক প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গিয়ে দেশের প্রতিটি প্রান্তিক অঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজেন্ট মিটের মত এমন উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সবার জন্য প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা নিশ্চিতের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, লোন নেওয়া ও রেমিটেন্সের টাকা উত্তোলন করতে পারছেন।”