১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে রবির নিরাপদ পানি

প্রকল্পের অংশ হিসেবে দুটি ৫ হাজার লিটার ধারণক্ষমতার রিজার্ভার এবং ২ হাজার ৫০০ ফুট দীর্ঘ পাইপলাইন বসানো হয়েছে।

বান্দরবানে রবির নিরাপদ পানি
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করল রবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

বান্দরবানের থানচি উপজেলার ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করেছে রবি আজিয়াটা ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে রবি বলেছে, দীর্ঘদিন ধরে ওয়াকচাকু পাড়ায় তীব্র পানির সংকট ছিল। সেখানে এখন নিরাপদ পানির সুবিধার ফলে ১৩৪ স্কুলশিক্ষার্থীসহ ৪১৭ বাসিন্দা সারা বছর সুপেয় পানি পাবেন।

প্রকল্পের অংশ হিসেবে দুটি ৫ হাজার লিটার ধারণক্ষমতার রিজার্ভার এবং ২ হাজার ৫০০ ফুট দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাহাড়ি ঢালুর সীমাবদ্ধতা কাটিয়ে পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই ব্যবস্থায় প্রাকৃতিকভাবে পানি পরিশোধন হচ্ছে। বর্ষাকালেও পানির সরবরাহ নির্বিঘ্ন থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন ১ হাজার ৫০০ ফুট উঁচু পাহাড়ে উঠে অনিরাপদ উৎস থেকে পানি আনতে হচ্ছে না। ফলে স্থানীয় বাসিন্দাদের সময় বাঁচছে।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “নিরাপদ পানির নিশ্চয়তা শুধু মৌলিক চাহিদা নয়। এটি স্বাস্থ্য, শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ রবি। এই প্রকল্প আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আহমেদ ফাহমি বলেন, “সৃজনশীল প্রকৌশল সমাধান এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে আমরা এমন একটি টেকসই পানির ব্যবস্থা তৈরি করেছি, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।”