২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘প্লাইম্যাক্স’ নিয়ে পার্টিকেল বোর্ডের বাজারে আরএফএল

নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানায় এ বোর্ড বানাচ্ছে আরএফএল, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

পার্টিক্যাল বোর্ডের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে শিল্পগ্রুপ আরএফএল।

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে ‘প্লাইম্যাক্স’ নামে নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

তিনি বলেন, “বাংলাদেশে ‘ইঞ্জিনিয়ারড উড’ পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। বিভিন্ন ধরনের আসবাবপত্রসহ ইন্টেরিয়র খাতে আমাদের বিদ্যমান ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্রেতাদের জন্য সাশ্রয়ী ও মানসম্পন্ন বিকল্প দিতে আমরা ‘প্লাইম্যাক্স’ বাজারে এনেছি। আশা করছি, এটি গ্রাহকদের আস্থা অর্জন করবে।”

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে পার্টিকেল বোর্ডের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সরকার কাঁচামাল আমদানি সহজ এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করলে এ খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশে পার্টিকেল বোর্ডের বার্ষিক বাজার প্রায় ৩ হাজার কোটি টাকার, যার প্রবৃদ্ধি বছরে গড়ে ১২ শতাংশ বেল অনুষ্ঠানে জানানো হয়।

আরএফএল ‘প্লাইম্যাক্স’ ব্র্যান্ডের পার্টিকেল বোর্ড উৎপাদন করছে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিজস্ব কারখানায়। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস, যা আগামী দুই বছরের মধ্যে পাঁচগুণ বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে আরএফএল।

এইখাতে কাঠের ব্যবহারে পরিবেশের উপর প্রভাবের বিষয়টি সামনে এনে আরএন পাল বলেন, “যতগুলো গাছ-কাঠ আমরা ব্যবহার করব, তার চেয়ে কমপক্ষে দশ গুণ আমরা প্লান্টেশন করব। সারাদেশে আমাদের প্রত্যেকটা জমিতে আমরা বৃক্ষরোপণ করছি। আমরা এক স্কয়ার ফিট জায়গাও ট্রি প্লান্টেশনের বাইরে রাখব না।”

বিশ্ববাজারে এই পণ্য রপ্তানির ক্ষেত্রে গাছ রোপণের বিষয়টি প্রমাণ করার বাধ্যবাধকতা রয়েছে বলেও জানান তিনি।

আরএফএল জানিয়েছে, এই খাতে তাদের মোট বিনিয়োগ ২০০ কোটি টাকা। বর্তমানে ৫০০ জন কর্মী কাজ করছেন এবং আগামী দুই বছরে আরও ১ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আরএফএলের বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, “প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডে ব্যবহৃত হয়েছে প্যারাফিন মোম, যা পানি প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এতে ব্যবহৃত জিরো এমিশন আঠা শক্ত বন্ধন নিশ্চিত করে।”

প্লাইম্যাক্স বোর্ড অনুমোদিত ডিলার, রিটেইলার ও অনলাইন প্ল্যাটফর্মের (othoba.com) মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে। প্রতিটি বোর্ডের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের হেড অব মার্কেটিং শফিক শাহীন।