১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এনআরবিসি ব্যাংকের দ্বাদশ এজিএম

সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, চলতি বছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের সম্মানী অনুমোদন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 10:25 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

এনআরবিসি ব্যাংকের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, চলতি বছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের সম্মানী অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে সভা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সভায় শেয়ার হোল্ডারদের সর্বোচ্চ ভোটের মাধ্যমে চারটি এজেন্ডা পাস হয়। অনলাইন ও সশরীরে উপস্থিত বিনিয়োকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া।

তিনি বলেন, “আমানতকারী ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় এনআরবিসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছি।  ‘কমপ্লায়েন্স’ নিশ্চিত করার মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ আমনতকারীদের স্বার্থ সংরক্ষণ ও  শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আমি প্রত্যাশা করি। ঋণ শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যাংকের গুণগত সম্পদ ও মুনাফা বৃদ্ধি করাই এই পর্ষদের লক্ষ্য।”

অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, “ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার কারণে আমানতের পরিমাণ ২০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে টেকসই ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা সফল হলে শেয়ারহোল্ডারগণ তাদের বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল পাবেন বলে আমরা আশাবাদী।”

সভায় স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

২০১৩ সালে যাত্রা করা এনআরবিসি ব্যাংক পুঁজিবাজারে নিবন্ধিত হয় ২০২১ সালে। বর্তমানে সারাদেশে ব্যাংকটির ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখা রয়েছে।