Published : 09 Jul 2025, 07:56 PM
এজেন্ট ব্যাংকিংয়ে ইসলামী ব্যাংকের আমানত ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বুধবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চলতি বছরের জুন পর্যন্ত এই সংগ্রহ দেশের এজেন্ট ব্যাংকিংয়ে মোট আমানতের প্রায় ৪২ শতাংশ, যা এ খাতে সর্বোচ্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে ইসলামী ব্যাংক। ৯ বছরে গ্রাহকের সংখ্যা ৫৩ লাখের বেশি, যার প্রায় অর্ধেক নারী। গ্রাহকদের সিংহভাগ গ্রাম এলাকার। তারা নির্বিঘ্নে আমানত জমা ও উত্তোলন করছেন। দৈনিক লেনদেনের পরিমাণ গড়ে প্রায় ১ হাজার কোটির বেশি।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, “এজেন্ট ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আহরণেও ইসলামী ব্যাংক সবার ওপরে। ২০২৪ সালে এজেন্ট ব্যাংকিংয়ে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৫২ কোটি টাকা, যা এ খাতের মোট রেমিট্যান্সের ৫৪ শতাংশেরও বেশি। ২০২৫ সালের জুন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯৮৪ কোটি টাকা।
বর্তমানে দেশের ৪৭২টি উপজেলায় ২ হাজার ৭৯১টি আউটলেটের মাধ্যমে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আউটলেটগুলোর অধিকাংশই প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। বর্তমানে ১৩৫টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ বিতরণ করা হচ্ছে।