২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’

ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে নেপালের বাজারে কার্যক্রম আরও বিস্তৃত করবে ওয়ালটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:52 PM

Updated : 21 Sep 2026, 11:52 PM

বিশ্ববাজারে ওয়ালটনের মত বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতি আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ওয়ালটন বাংলাদেশের উচ্চপ্রযুক্তি শিল্পে কাজ করছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একদিকে দেশের আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখছে, অন্যদিকে বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও অবদান রাখছে।

ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল দ্য সলটিতে আয়োজিত ওয়ালটন প্লাজার বিশেষ বৈশ্বিক পরিবেশক সম্মেলন ‘তুষার যাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাষ্ট্রদূত।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, নেপাল ওয়ালটনের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশের মত নেপালের মানুষের কাছেও আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে কাজ করছে ওয়ালটন।

তিনি বলেন, স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে নেপালের বাজারে কার্যক্রম আরও বিস্তৃত করবে ওয়ালটন।

থাপা বিজনেস গ্রুপের পরিচালক প্রনিমেশ থাপা বলেন, “আট বছরেরও বেশি সময় ধরে নেপালে ওয়ালটনের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্যের মাধ্যমে নেপালজুড়ে ওয়ালটনের উপস্থিতি আরও বিস্তৃত করতে থাপা বিজনেস গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ।”

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান তার বক্তব্যে আধুনিক বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে ওয়ালটন প্লাজার কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নেপাল ট্যুরের ভিডিও প্রদর্শন, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা হয়।

এর আগে চলতি বছরের এপ্রিলেও কাঠমান্ডুতে ওয়ালটনের বৈশ্বিক পরিবেশক সম্মেলন হয়। সেখানে নেপালের বাজারের জন্য ১৮টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করা হয়েছিল।