১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নগদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ৯

শুদ্ধ মাখরাজ, তাজবিদ অনুসরণ, তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বরের সৌন্দর্য ও সামগ্রিক পরিবেশনা-এই পাঁচ বিষয় মূল্যায়ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 04:26 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

উদ্যোক্তাদের সন্তানদের নিয়ে পাঁচ মাস আগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার যে আয়োজন করেছিল মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ, সেই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। 

তিন বয়সভিত্তিক বিভাগে ৯ জন চূড়ান্ত বিজয়ী হয়েছেন।

নগদ রোববার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশজুড়ে ১০টি অঞ্চলের প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই শেষে গত ২৮ জুলাই ঢাকার হোটেল শেরাটনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।

চূড়ান্ত পর্বে ৩০ জন প্রতিযোগী বিচারকদেএর সামনে সরাসরি কোরআন তিলাওয়াত করেন। শুদ্ধ মাখরাজ, তাজবিদ অনুসরণ, তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বরের সৌন্দর্য ও সামগ্রিক পরিবেশনা—এই পাঁচটি বিষয় মূল্যায়ন করে প্রতি বিভাগ থেকে সেরা তিন জন করে মোট ৯ জনকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার ১ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ১ টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার ১ টাকাসহ ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। 

এছাড়া চূড়ান্ত পর্বের বাকি প্রতিযোগীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার ও সনদ এবং ৬০ জন আঞ্চলিক বিজয়ীকে বিশেষ সনদপত্র দেওয়া হয়।

‘ক’ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা উত্তর অঞ্চলের নুসাইবা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ময়মনসিংহ অঞ্চলের হুমাইরা জান্নাত গুলফাম ও সিলেট অঞ্চলের মো. সালমান আর. রহমান।

‘খ’ বিভাগে প্রথম হয়েছে বরিশাল অঞ্চলের মোহাম্মদ খালিদ তালুকদার। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে সিলেট অঞ্চলের মরিয়ম আক্তার ও রংপুর অঞ্চলের মো. আবু রাইয়ান প্রধান।

সবশেষ ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ অঞ্চলের আবিদুর রহমান ইয়াসিন। দ্বিতীয় হয়েছে কুমিল্লা অঞ্চলের রিয়ামুল ইসলাম এবং তৃতীয় খুলনার মোহাম্মদ জামিলুস সিয়াম।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, "এই আয়োজন ইসলামী সংস্কৃতির পাশাপাশি নগদের বিশাল পরিবারের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করেছে।"

মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারায় সম্পৃক্ত করতে আগামী দিনে নগদের ‘টেরিটরি ম্যানেজার’ হিসেবে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে নগদের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম বারাকাতী বলেন, “ছোটবেলা থেকেই শিশুদের শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শেখানো এবং তাদের সুশৃঙ্খল ও নৈতিক জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন।”

অনুষ্ঠানে নগদের সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূঁইয়া, চিফ বিজনেস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিউরেন্স অফিসার লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী এবং হেড অব মার্কেটিং হেরাস উদ্দিন মুহাম্মদ মেহেদী সাজ্জাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচারকের দায়িত্বে ছিলেন, বনানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ইসলামী স্কলার মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, ইসলামী আলোচক আলহাজ মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ এবং নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী।