স্টারলিংকের ইন্টারনেট নিশ্চিতে বিএসসিএল ও গ্রামীণফোনের চুক্তি
এর ফলে গ্রাহকরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও নির্বিঘ্ন ও উচ্চগতির সংযোগ উপভোগ করতে পারবেন।
গ্রাহকদের স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে চুক্তি সই করেছে গ্রামীণফোন।
সম্প্রতি ঢাকার বসুন্ধরার জিপিহাউসে এক অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ ইমাদুর রহমান চুক্তিতে সই করেন।
বুধবার গ্রামীণফোনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিল্পখাতে নেটওয়ার্কের সার্বক্ষণিক প্রাপ্যতা, কম ল্যাটেন্সি ও মিশন-ক্রিটিক্যাল আপটাইম অপরিহার্য কিন্তু স্থলভিত্তিক অবকাঠামো এখনো সীমিত, সেসব খাতকে লক্ষ্য করে এই সেবাটি নিয়ে এসেছে গ্রামীণফোন। এতে কোম্পানির বি-টু-বি গ্রাহকরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও নির্বিঘ্ন ও উচ্চগতির সংযোগ উপভোগ করতে পারবেন।
চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহ আহমেদুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ বলেন, “এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য সবসময় বিশ্বমানের সংযোগ সুবিধা নিয়ে আসতে সচেষ্ট গ্রামীণফোন। বিএসসিএলের সঙ্গে এই সহযোগিতা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি সারা দেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
“স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি স্টেকহোল্ডাররা বিশেষ করে দূরবর্তী জ্বালানি ক্ষেত্র, উপকূলীয় বা সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনাকারীরা উপকৃত হবেন। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে এবং ভবিষ্যৎ-উপযোগী সেবা উপভোগ করতে পারবেন তারা।”
বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণের পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। আমরা একসঙ্গে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই, যাতে ভৌগোলিক চ্যালেঞ্জপূর্ণ এলাকাতেও গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়।”
