১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিবেশবান্ধব প্যাকেজিং কারখানা চালু ব্র্যাকের

বর্তমানে কারখানাটিতে প্রতি মাসে ১২ থেকে ১৫ টন প্যাকেজিং পণ্য উৎপাদিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 08:19 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

পরিবেশবান্ধব ও টেকসই প্যাকেজিং শিল্পের বিকাশে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় ব্র্যাক গ্রিনপ্যাক নামে নতুন একটি কারখানা চালু করেছে ব্র্যাক এন্টারপ্রাইজেস।

কারখানাটির উৎপাদন সক্ষমতা বছরে ৩০০ থেকে ৩৫০ টন পরিবেশবান্ধব ও পচনশীল প্যাকেজিং পণ্য বলে ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বর্তমানে কারখানাটিতে প্রতি মাসে ১২ থেকে ১৫ টন প্যাকেজিং পণ্য উৎপাদিত হচ্ছে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কারখানার উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানায় উৎপাদিত পচনশীল পণ্যগুলো ছয় মাসের মধ্যে প্রাকৃতিকভাবে মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে।

উদ্বোধন অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, “আমরা বিশ্বাস করি, ব্যবসা শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যম নয়; এটি ইতিবাচক সামাজিক ও পরিবেশগত পরিবর্তনেরও শক্তিশালী চালিকাশক্তি। ব্র্যাক গ্রিনপ্যাক আমাদের সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন। পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল প্যাকেজিং সমাধানের মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে চাই।

“ব্র্যাক গ্রিনপ্যাক শুধু একটি পণ্য উৎপাদন কারখানা নয়; এটি উদ্ভাবন, দায়িত্বশীল ব্যবসা এবং পরিবেশের প্রতি ব্র্যাকের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতীক। এই উদ্যোগ প্লাস্টিক দূষণ হ্রাস করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ব্র্যাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সাব্বির আহমেদ ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।