২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিচ্ছে বাটারফ্লাই গ্রুপ

এ সেবা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। গ্রাহক নিজের, তার পিতা-মাতা ও নির্ভরশীলদের জন্য এ সেবা নিতে পারবেন।

গ্রাহকদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিচ্ছে বাটারফ্লাই গ্রুপ
বাটারফ্লাই গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 12:18 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাটারফ্লাই গ্রুপ ‘ভালো থাকুন সবসময়' শীর্ষক নতুন উদ্যোগ শুরু করেছে।

এর আওতায় সব নতুন ও পুরাতন বাটারফ্লাই গ্রাহকরা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা পাবেন ‘বিনামূল্যে টেলিমেডিসিন কনসালটেশন সেবা’।

১০ অক্টোবর থেকে শুরু হওয়া এ সেবা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। গ্রাহক নিজের, তার পিতা-মাতা ও নির্ভরশীলদের জন্য এই সেবা নিতে পারবেন।

কোম্পানির এ উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির থাকার কথা রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বাটারফ্লাই গ্রুপ।

এতে বলা হয়, রাজধানীর এক হোটেলে এ সেবার উদ্বোধন অনুষ্ঠানের অতিথি ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সাকলায়েন রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন আকিজ তাকাফুলের ডিএমডি মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরীসহ দুই কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

সাকলায়েন রাসেল বলেন, “'ভালো থাকুন, সবসময়' ক্যাম্পেইনের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বাটারফ্লাই গ্রুপ ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের এই যৌথ উদ্যোগ মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসচেতনতা ও যত্নের বার্তা পৌঁছে দেবে। প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার এই সংযোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়।“

মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, “এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হল বাংলাদেশ সরকারের পাশাপাশি চিকিৎসা পরামর্শ সেবা বিনামূল্যে হাউজ অব বাটারফ্লাই-এর গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়া।

“চলমান চিকনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের এমন প্রকোপ অবস্থায়ও হঠাৎ প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিশ্চিত করাই এর মূল্য লক্ষ্য, যেন তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা কিংবা সেবা পেয়ে জীবনগুলো বাঁচে, কিংবা বড় রকম সমস্যা থেকে উত্তরণ করা যায়।”

মাসুদুজ্জামান খান বলেন, “এই পার্টনারশিপের লক্ষ্য একটাই—মানুষের জীবনে একটু বেশি নিরাপত্তা আর স্বস্তি আনা। এখন থেকে হাউজ অব বাটারফ্লাইয়ের গ্রাহকরা পাচ্ছেন ২৪ ঘন্টা ফ্রি ডাক্তার পরামর্শ ও মেডিকেল সেবা, যা তাদের প্রয়োজনের সময় পাশে থাকবে।

“আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ পরিবারের সুস্থতা ও ভালো থাকার পথে এক ধাপ এগিয়ে দেবে—যাতে সবাই সত্যিই ভাল থাকেন, সবসময়।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা হাউজ অব বাটারফ্লাই শোরুম, ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ১৬৫৭১ নম্বরে কল করে অফার সম্পর্কে জানতে পারবেন।

নির্ধারিত গুগল ফর্মে নাম, ফোন নম্বর ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাচাই শেষে ৪৮ ঘণ্টার মধ্যে (সরকারি ছুটি ব্যতীত) রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়ার পর সেবাটি নেয়া যাবে ০৯৬৪ ৩১১৬৭৬১ নম্বরে কল করে।