Published : 13 Jul 2026, 07:51 PM
নগদ টাকার ব্যবহার কমানোর লক্ষ্যে রাজশাহী অঞ্চলে ১৪টি ইলেকট্রনিক বুথ চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ বাস্তবায়ন করতে ব্যাংকটি এমন পদক্ষেপ নেয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
‘ক্যাশলেস রাজশাহী’ শিরোনামের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪টি বুথ উদ্বোধন করা হয়।
উদ্বোধনীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পূবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক বায়েজীদ সরকার ও নাজিম উদ্দিন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।