Published : 08 Jan 2026, 07:04 PM
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মাস টিকেটের দামে ১৪ শতাংশ ছাড় ঘোষণা করেছে নভোএয়ার।
বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন শুরু করেছে বেসরকারি খাতের এই উড়োজাহাজ সেবার কোম্পানি।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিক্রয়কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ টিকেট কিনলে ছাড় পাওয়া যাবে।সেজন্য ওয়েব সাইট ও মোবাইল অ্যাপে VQANNI14 প্রমো কোড ব্যবহার করতে হবে।
২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মধ্য দিয়ে যাত্রা করে নভো এয়ার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ১৩ বছরে মোট ১ লাখ ৪২ বাজারের বেশি ফ্লাইট পরিচালনা করে ৮০ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে তারা।
যাত্রীসেবাকে আরও ‘সহজ, আধুনিক ও মানসম্মত’ করতে নভোএয়ার দেশের প্রথম এয়ারলাইন হিসেবে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট কেনার জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়িক সহযোগী এবং যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
“বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের অঙ্গীকার।”
বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।