২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হয়ে গেল ব্রেইন গেইন সিরিজের শেষ পর্ব

এ উপলক্ষে সামাজিক উন্নয়ন ও ব্যবসা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘ব্রেইন গেইন সিরিজ’ এর সর্বশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর প্রধান কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এ পর্বের আয়োজন করা হয়।

মঙ্গলবার সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়, ‘সোশাল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজেস: এ গ্লোবাল পারস্পেকটিভ’ শীর্ষক এ অধিবেশনে মূল বক্তা ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য আসিফ সালেহ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, উদ্যোক্তা, উন্নয়নকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

প্রধান বক্তা আসিফ সালেহ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে তুলে ধরে বলেন, “বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি ও অলাভজনক—এই তিন খাতের যৌথ উদ্যোগ অপরিহার্য। সহযোগিতাই এখন সবচেয়ে বড় শক্তি।”

কীভাবে বৈশ্বিক সামাজিক উদ্যোগের মডেল ও উন্নয়ন কাঠামোকে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে টেকসই সামাজিক প্রভাব তৈরি করা সম্ভব সেটি ব্যাখ্যা করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউসিবির চেয়ারম্যান শরীফ জাহির।

তিনি বলেন, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্বাস করে বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে বিনিয়োগ করাই প্রকৃত ব্রেইন গেইন।

অধিবেশন সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সভাপতি নুসরাত আমান।

২০১১ সালে শুরু হওয়া ‘ব্রেইন গেইন ইনিশিয়েটিভ’ এর মূল লক্ষ্য বিদেশে শিক্ষিত বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগানো।