ইসলামী ব্যাংকের ঢাকার তিন জোন নিয়ে হয়ে গেল কর্মকর্তা সম্মেলন
“গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করতে হবে।”
ঢাকার তিনটি জোন ও পাঁচটি করপোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
শনিবার সেনাপ্রাঙ্গণে এ সম্মেলন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান বলেন, “ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং এই প্রতিষ্ঠানের প্রতি জনমানুষের আস্থা আরও বৃদ্ধি করতে কর্মকর্তাদের প্রচেষ্টা চালাতে হবে। গ্রাহকরাই হলো ব্যাংকের প্রাণ, তাই তাদের সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য।
“সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের এই ব্যাংকটিকে নিজের মনে করতে হবে। যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করা হবে, তখন সেবার মান এবং কাজের গতি বহুগুণ বেড়ে যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খাঁন।
তিনি বলেন, “দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগের বিকল্প নেই। এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারিত করতে হবে।”
